গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে জনগণের আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
আজ শনিবার খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে জেলার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, “জনগণের দেওয়া গণভোটের রায় আপাতত উপেক্ষা করে অনেক কিছু করা গেলেও জনগণ তা মেনে নেবে না।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী জনগণের কাছে ওয়াদা করেছিল, গণভোটের রায় বাস্তবায়নে কাজ করবে। সরকার তা বাস্তবায়ন না করলে আমরা সংসদে ও সংসদের বাইরে আন্দোলন করে যাব। আপনারাও সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন।”
দেশের বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন জামায়াতের এই নেতা।
কোরআন-সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “জামায়াতে রুকন হওয়ার আগে একজন মুসলমানের মৌলিক ধর্মীয় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা অঞ্চলের টিম সদস্য মাস্টার শফিকুল আলম।
জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি।