সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৫৫ শিশু।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত সাত শিশুর মধ্যে নিশ্চিতভাবে কেউ হামে আক্রান্ত ছিল না। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯১৯ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৯ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৩৯ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৬। এ সময়ে ৭৩১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬২১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৭০ হাজার ৬৩৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ছয়জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৫০ হাজার ২০২ রোগী, যাদের মধ্যে এক লাখ ৪৪ হাজার ৪৮৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।