মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের সার্বিক স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনা প্রেসিডেন্ট এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সাত বছর পর এবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন।
সম্মেলনে সি চিনপিং বলেন, ‘‘চলমান যুদ্ধ এই অঞ্চলের মানুষের জন্য মারাত্মক ক্ষতি ডেকে এনেছে, যা বিশ্ব সম্প্রদায়ের কারো স্বার্থই রক্ষা করে না।’’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতির দিকে ইঙ্গিত করে তিনি বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন। চীনের প্রেসিডেন্ট বলেন, ‘‘আমাদের সব ধরনের বাণিজ্য সুরক্ষাবাদ এবং ক্ষমতার অপব্যবহার করে চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্কের বিরোধিতা করতে হবে।’’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নতুন শিল্পায়নের ক্ষেত্রে ব্রিকস দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব দেন সি চিনপিং। এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্গঠনের দাবি জানান।
মোদি বলেন, ‘‘বর্তমান বৈশ্বিক শাসনব্যবস্থা একটি পিরামিডের মতো হয়ে গেছে, যার ওপরের স্তরে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীভূত। আর নিচের স্তরে রয়েছে সেইসব দেশ, যারা সিদ্ধান্তগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ভূমিকা রাখতে পারে না।’’
গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে মোদি আরও বলেন, ‘‘আজ বিশ্বব্যাপী নানা সংকটে গ্লোবাল সাউথ সামনের সারিতে থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের পেছনে ফেলে রাখা হয়। ক্ষমতার এই পিরামিডকে অংশীদারিত্বের প্ল্যাটফর্মে রূপান্তর করতে হবে।’’