Advertisement Banner

আমেরিকার হামলার জবাব দেওয়ার অনুমোদন পেল ইরাকের আধাসামরিক বাহিনী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
আমেরিকার হামলার জবাব দেওয়ার অনুমোদন পেল ইরাকের আধাসামরিক বাহিনী
আমেরিকার দূতাবাস, ইরাক। ছবি: রয়টার্স

দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। বৈঠকে দেশটির আধাসামরিক গোষ্ঠীগুলোকে ‘মার্কিন হামলার’ জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার দেওয়া হয়।

সরকারি বার্তা সংস্থা আইএনএ-এর বরাত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরাকের আনবার প্রদেশে একটি আধাসামরিক ঘাঁটিতে ‘মার্কিন হামলায়’ নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ানোর পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আইএনএ জানায়, বৈঠকে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও আধাসামরিক বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-সহ অংশগ্রহণকারীরা বারবার হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়, যার মাধ্যমে আধাসামরিক গোষ্ঠীগুলোকে হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার দেওয়া হয়েছে।

অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ স্থাপনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কূটনৈতিক মিশনে হামলারও নিন্দা জানান এবং ইরান ও লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতির মধ্যে পড়ে ইরাক। পিএমএফের বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী, আর আধাসামরিক গোষ্ঠীগুলো বাগদাদে মার্কিন দূতাবাসসহ বিভিন্ন কূটনৈতিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পাল্টা প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দেওয়া হলো আধাসামরিক গোষ্ঠীগুলোকে।

সম্পর্কিত