ভারতের আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমানটি রুশ প্রযুক্তিতে তৈরি সুখোই-৩০ এমকেআই মডেলের।
ভারতের বিমান বাহিনী জানিয়েছে, নিহত পাইলটদের পরিচয় শনাক্ত করা হয়েছে; তারা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি নিখোঁজ হয়। দুর্ঘটনাস্থলটি ওই বিমানঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।
কর্মকর্তারা জানিয়েছেন, রুশ প্রযুক্তিতে তৈরি এই বিমানটির সাথে সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
যুদ্ধবিমানটি একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা পাহাড় থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আগুনের গোলা উড়তে দেখেছেন।