মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের ওপর মার্কিন হামলা বন্ধের শর্ত নির্ধারণ করে লিখেছেন, “শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে আর কোনো চুক্তি হবে না!”
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত একট খবরে এ কথা বলা হয়েছে।
ইরানের বর্তমান শাসনামলের সাথে এই শত্রুতার অবসান কবে হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে রাজি হননি। বৃহস্পতিবার রাতে প্রকাশিত মার্কিন ম্যাগাজিন টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন প্রশাসনের লক্ষ্যগুলো চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই অর্জিত হতে পারে। তবে তার মতে, কোনো কিছুর জন্যই তার কোনো সময়সীমা নেই এবং তিনি কেবল কাজটির সফল সমাপ্তি চান।
শুক্রবার তিনি পোস্টটিতে লিখেছেন, “এরপর, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা (বা নেতৃবৃন্দ) নির্বাচনের পর, আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব; ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।”
তিনি আরও বলেন, “ইরানের ভবিষ্যৎ হবে উজ্জ্বল। মেক ইরান গ্রেট এগেইন (মিগা!)।”
গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহতের পর ট্রাম্প জানিয়েছেন যে, খামেনির উত্তরসূরি হিসেবে কে নিযুক্ত হবেন, সেই নিয়োগ প্রক্রিয়ায় তিনি যুক্ত হতে চান।