কিউবা আমেরিকার জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ এবং দেশটির সঙ্গে কোনো শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ‘খুবই কম’ বলে মন্তব্য করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সাংবাদিকদের এক প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।
রুবিও বলেন, “আমরা কিউবার সঙ্গে কূটনৈতিক সমাধানই পছন্দ করি। তবে আমি আপনাদের সঙ্গে খোলামেলাভাবেই বলছি, আমরা বর্তমানে যাদের সঙ্গে ডিল করছি, তাদের ট্র্যাক রেকর্ড বিবেচনা করলে এই কূটনৈতিক সমাধান সফল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।”
রুবিও জানান, আমেরিকা সবসময় একটি ‘কূটনৈতিক সমাধান’ পছন্দ করে। তবে যেকোনো ধরনের হুমকি থেকে নিজের দেশকে রক্ষা করার পূর্ণ অধিকার এবং বাধ্যবাধকতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রয়েছে।
এ সময় মার্কো রুবিও কিউবাকে এই অঞ্চলের ‘সন্ত্রাসবাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক’ হিসেবেও অভিযুক্ত করেন।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। রুবিওর এই দাবিগুলোকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রদ্রিগেজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, “মার্কিন প্রশাসন কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসন উসকে দেওয়ার চেষ্টা করছে। মার্কিন সরকার অত্যন্ত নিষ্ঠুর ও নিয়মতান্ত্রিকভাবে কিউবার ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।”