Advertisement Banner

বুধবার থেকে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বুধবার থেকে চালু হচ্ছে ইস্টার্ন রিফাইনারি
ছবি: উইকিপিডিয়া

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ মহাব্যবস্থাপক (অপারেশান্স) মামুনুর রশীদ খান আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন্।

মামুনুর রশীদ খান বলেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন কিছুটা কম থাকলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

এই উপ মহাব্যবস্থাপক জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা তেল দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এ ছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র আরও জানায়, সৌদি আরব থেকে চলতি মাসের ১০ থোক ১২ তারিখের মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, “আজ দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে। পরিকল্পনা অনুযায়ী আগামীকাল থেকেই সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।”

সম্পর্কিত