যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু
দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খাইরুল হোসাইন (২২) ও মো. ইয়াসিন (২৭)। তারা দুজনই পরস্পরের বন্ধু ছিলেন।

নিহত খাইরুল হোসাইন কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিন্দ্রা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, মোটরসাইকেল চালক মো. ইয়াসিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর বংশী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তিনিও ভাষানটেক এলাকায় থাকতেন।

নিহত খাইরুলের ভগ্নিপতি মহসিন জানান, দুই বন্ধু সকালে মোটরসাইকেলযোগে নোয়াখালীর দিকে গিয়েছিলেন এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে ফেরার পথে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক খাইরুল হোসাইনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর আহত ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থলের পুলিশ হেফাজতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত