Advertisement Banner

৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ‘শিক্ষার্থীর’ মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ‘শিক্ষার্থীর’ মৃত্যু
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রূপগঞ্জের ৩০০ ফিট জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় রিফাত (৩০) ও সাব্বির (২৬) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা বারোটায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আমির হোসেনের ছেলে। সাব্বির একই এলাকার নুর ইসলামের ছেলে। তারা দুজনই এইচএসসির পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মনির হোসেন জানান, “আজ দুপুরে এ দুজন ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।”

মনির আরও বলেন, “আমরা নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি, তারা দুজনেই এইচএসসি শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত সাব্বির খিলগাঁও মডেল কলেজ ও নিহত রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত