ads

১০ ম্যাচের খরা কাটিয়ে শেষ ১৬-তে যুক্তরাষ্ট্র

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
১০ ম্যাচের খরা কাটিয়ে শেষ ১৬-তে যুক্তরাষ্ট্র

নকআউট পর্বের কোনো ম্যাচে নিজেদের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্র নেমেছিল ফেভারিট হিসেবে। সঙ্গে স্টেডিয়ামে হাজার হাজার লাল-সাদা-নীল জার্সিতে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে ইতিহাস গড়ল মাউরিসিও পচেত্তিনোর দল। ১০ জনের দল নিয়ে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে শেষ ১৬-তে পা রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এই জয়ের মাধ্যমে একটা লম্বা খরাও কাটিয়েছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে যুক্তরাষ্ট্র টানা ১০ ম্যাচ হেরেছিল। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ড্র করার পর থেকেই এই ধারার শুরু। আর সেই ২০০২ আসরে পর্তুগালের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপে এই প্রথম ইউরোপের একটি দলের বিপক্ষে জয় পেল যুক্তরাষ্ট্র।

ওই ম্যাচের পর বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে টানা ১৩টি ম্যাচে তারা জয়হীন ছিল। এর মধ্যে ছিল ২০১৪ সালে শেষ ১৬-তে বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারও। এবারের আসরেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই প্রথম ১৫ মিনিটের মধ্যে গোল করেছিল যুক্তরাষ্ট্র। তবে এদিন শুরুর দিকে বসনিয়াই তাদের চাপে রেখেছিল বেশি। এরপর ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পচেত্তিনোর দলের কাছে। ৪৫তম মিনিটে ফোলারিন বালোগুন কাঙ্ক্ষিত গোলের দেখা পান। মাঝমাঠে টিম রিম একটি গোল কিক আটকে দেওয়ার পর মালিক টিলম্যান বক্সের ভেতরে থাকা বালোগুনকে বল পাস দেন। বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে তিনি টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন।

৬৪তম মিনিটে বালোগুনের লাল কার্ডে দেখলে শেষ ৩০ মিনিট একজন কম নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে। তবে এই সময়ে বসনিয়া গোলের সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৮২তম মিনিটে টিলম্যানের ফ্রি-কিক ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

সম্পর্কিত