ads

প্রতারণার মামলায় জামিন পেলেন নায়িকা ববি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রতারণার মামলায় জামিন পেলেন নায়িকা ববি
নায়িকা ইয়ামিন হক ববি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একটি ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মালামাল কিনে টাকা পরিশোধ না করার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ববি।

তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির (বার) সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

Advertisement

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ জুলাই ‘ইটুই সলিউশনস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স বাদী হয়ে গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন—বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১২ নভেম্বর বিটিএলের এমডি মির্জা আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। সেই অনুযায়ী, গত ২০ নভেম্বর গুলশানের বিটিএল কার্যালয়ে ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা মূল্যের পাঁচটি ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স।

অভিযোগে বলা হয়, সরবরাহকৃত ব্যাটারির মূল্য পরিশোধ না করে আসামিরা নানামুখী তালবাহানা শুরু করেন। পরবর্তীতে গত ১১ জানুয়ারি সকালে মেহেদি আলম প্রিন্স তাদের কার্যালয়ে গিয়ে পাওনা টাকা চাইলে আসামিরা তা দিতে অস্বীকৃতি জানান। উল্টো তাকে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ব্যাটারির সমপরিমাণ মূল্য (৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা) আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত