Advertisement Banner

এমএসএমই দিবস উপলক্ষ্যে ৭ উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এমএসএমই দিবস উপলক্ষ্যে ৭ উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক
ছবি: সংগৃহীত

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক উদ্যোক্তা গ্রাহক অংশ নেন। এতে উদ্যোক্তাদের পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তার ধরন এবং উদ্যোগের প্রকৃতি বিবেচনা করে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন- চট্টগ্রামের জননী খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী বন্দনা নাথ, ঢাকার ইনক্রেডিবল প্রা. লি.-এর স্বত্বাধিকারী মো. তৌকির আহাম্মেদ, ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের স্বত্বাধিকারী মো. মনির হোসেন, নরসিংদীর মেসার্স খলিল টেক্সটাইলের স্বত্বাধিকারী মো. খলিল মিয়া, ফরিদপুরের মেসার্স সুকুমার ভান্ডারের স্বত্বাধিকারী সুকুমার সাহা, যাত্রাবাড়ীর সুজন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. তমিজ উদ্দিন এবং দিনাজপুরের সুতার কাব্যের স্বত্বাধিকারী সিরাজুম মনিরা।

প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান বলেন, “এমএসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি, যা কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন, স্থানীয় শিল্পের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তি, উদ্ভাবন ও টেকসই ব্যবসায়িক চর্চার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিই ভবিষ্যৎ অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি।”

ফয়সাল রহমান আরও জানান, প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে এবং সহজ আর্থিক সেবা, ডিজিটাল ব্যাংকিং ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দিচ্ছে।

আজকের এই স্বীকৃতি উদ্যোক্তাদের নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং একটি উদ্ভাবননির্ভর ও টেকসই অর্থনীতি গঠনে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন ফয়সাল রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার। এছাড়া প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত