খুলনার সোনাডাঙ্গায় এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া সঞ্জয় মিত্র সোনাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তার স্ত্রী এএসআই পপি মিত্র।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ওই গৃহকর্মীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন এই পুলিশ দম্পতি। ভুক্তভোগীর শরীরে নির্যাতনের অসংখ্য পুরনো চিহ্নও রয়েছে।
সম্প্রতি নির্যাতনের বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে একটি সহায়তা কেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে ভুক্তভোগী গৃহকর্মীর মা নরসিংদী থেকে খুলনায় পৌঁছান। পরে তিনি বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি নির্যাতন মামলা করেন। এরপর অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়।