Advertisement Banner

জনতার ওপর উঠিয়ে দেওয়া হলো গাড়ি, জার্মানিতে নিহত ২

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জনতার ওপর উঠিয়ে দেওয়া হলো গাড়ি, জার্মানিতে নিহত ২
ঘটনাস্থলে ২ জন নিহত হন। ছবি: রয়টার্স

পূর্ব জার্মানির লাইপজিস শহরে কেনাকাটার ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় অন্তত দুজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বিবিসির প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

সোমবার বিকেলের এই ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, হতাহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

লাইপজিস পুলিশের মুখপাত্র সুসানে লুয়েবকে জানান, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে একটি গাড়ি দ্রুতগতিতে ব্যস্ততম গ্রিমাইশে স্ট্রিটে ঢুকে পড়ে। এলাকাটি মূলত কেনাকাটার জন্য জনপ্রিয়। গাড়িটি বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীদের ওপর তাণ্ডব চালায় এবং বেশ কয়েকজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

লাইপজিস পাবলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, এই ঘটনায় নিহতরা হলেন ৬৩ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক পুরুষ। তারা উভয়েই জার্মান নাগরিক। আহত ২২ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ ঘটনার পরপরই ৩৩ বছর বয়সী এক জার্মান নাগরিককে গ্রেপ্তার করেছে। স্যাক্সনি রাজ্যের প্রধান মাইকেল ক্রেটশমার জানিয়েছেন,অভিযুক্ত ব্যক্তিটি আগে থেকেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রসিকিউটর অফিস জানায়, বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে হত্যা এবং হত্যা প্রচেষ্টার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনার পেছনে কোনো ধর্মীয় বা রাজনৈতিক উদ্দেশ্য থাকার প্রমাণ পাওয়া যায়নি।

লাইপজিসের মেয়র বুর্খার্ড ইয়ুং এই ঘটনাকে ‘ভয়াবহ তাণ্ডব’ হিসেবে বর্ণনা করে বলেন, “যা ঘটেছে তাতে আমরা বাকরুদ্ধ। এই শোক প্রকাশের ভাষা আমাদের জানা নেই।” তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, এটি একজন একক ব্যক্তির কাজ এবং জননিরাপত্তার জন্য বর্তমানে আর কোনো হুমকি নেই।

শহরজুড়ে বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

সম্পর্কিত