Advertisement Banner

‘লেবাননসহ সর্বত্র’ কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি, শুক্রবার ইসলামাবাদে বৈঠক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
‘লেবাননসহ সর্বত্র’ কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি, শুক্রবার ইসলামাবাদে বৈঠক
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: রয়টার্স

পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে তা লেবাননসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিশ্চিত করেছেন, এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ এই সমঝোতাকে স্বাগত জানিয়ে দুই দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “উভয় দেশ যে বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে, আমি তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। এই উচ্চপর্যায়ের মধ্যস্থতায় দুই পক্ষই অত্যন্ত গঠনমূলকভাবে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করেছে।”

আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ১০ এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমরা আন্তরিকভাবে আশা করি, ‘ইসলামাবাদ আলোচনা’ টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ জানাতে ইচ্ছুক।”

এর আগে, পাকিস্তানের মধ্যস্ততায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সম্পর্কিত