Advertisement Banner

ডেমরায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ডেমরায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনী খাতুন (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরার মাতুয়াইলের মাদ্রাসা বাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামিনী খাতুনের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায়। তার বাবার নাম কামরুল ইসলাম। বর্তমানে তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

সহকর্মী শারমিন জানান, কামিনী ‘আর আর ডিসমেটিক্স’ গার্মেন্টসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত