Advertisement Banner

‘জামায়াতের নেতা-কর্মীরা কখনো জান্নাতের টিকিট বিক্রির কথা বলেননি’

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘জামায়াতের নেতা-কর্মীরা কখনো জান্নাতের টিকিট বিক্রির কথা বলেননি’

জান্নাতের টিকিট বিক্রির কথা বলার যেসব অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে তা মিথ্যা বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু গত ৯ মে শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা মিলনায়তনে প্রদত্ত এক বক্তব্যে বলেন, “যারা জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তারা মূলত আল্লাহর সঙ্গে বেঈমানী করে।”

এই বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতিটি দেন এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, “জাতীয় সংসদের সরকারি দলের হুইপ জনাব মিয়া নূরুদ্দিন আহম্মেদ অপু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়।”

নূরুদ্দিন আহম্মেদ অপুর বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “তাদের এ ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা ইতোপূর্বেও বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জান্নাতের টিকিট বিক্রয়ের যেসব অভিযোগ তারা জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন, তা সর্বৈব মিথ্যা। জামায়াতের কোনো নেতা-কর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য।”

গণভোটের কথা টেনে এই নেতা বলেন, “দেশবাসী ভালো করেই জানেন, জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করছে।”

সম্পর্কিত