আজিমপুরে বাসায় ঝুলছিল ঢাবির নিরাপত্তাকর্মীর মরদেহ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আজিমপুরে বাসায় ঝুলছিল ঢাবির নিরাপত্তাকর্মীর মরদেহ
প্রতীকী ছবি

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় একটি বাসা থেকে মো. এনায়েত উল্লাহ (৩৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত এনায়েত উল্লাহর বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর-গনেশ এলাকায়। তার বাবার নাম মো. নবী উল্লাহ। তিনি বর্তমানে লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ছিলেন।

এনায়েতের ভাই আলমগীর জানান, পারিবারিক কলহের জেরে এনায়েত উল্লাহ নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত