ইরানের সঙ্গে আলোচনা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সঙ্গে আলোচনা নিয়ে সন্তুষ্ট নন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরমাণু আলোচনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় পরোক্ষ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর শুক্রবার ট্রাম্প জানান, তিনি এই আলোচনায় মোটেও খুশি নন। তবে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ এড়াতে আলোচনার জন্য তিনি আরও কিছুটা সময় দিতে রাজি আছেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘ইরান আমাদের প্রয়োজনীয় শর্তগুলো মানতে রাজি নয়। তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।’’

আলোচনার অগ্রগতি নিয়ে ট্রাম্প হতাশ হলেও মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি দাবি করেছেন, একটি চুক্তি প্রায় হাতের নাগালে। তিনি ট্রাম্পকে আলোচনার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানান।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী সপ্তাহে জরুরি ভিত্তিতে ইসরায়েল সফরে যাচ্ছেন। অন্যদিকে, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দূতাবাসের জরুরি নয় এমন কর্মীদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রই নয়—ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া এবং ভারতও তাদের নাগরিকদের ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইরান থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নিয়েছে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত জুনে ইসরায়েলি হামলার পর থেকে ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না। ফলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বিশাল বিমান ও নৌবহর মোতায়েন করেছে। ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হামলা হলে তারা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে।

সম্পর্কিত