Advertisement Banner

মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে
প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুতে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড শুনানির জন্য আজ রোববার ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর বাড্ডা এলাকায় বসবাস করতেন। গত রোববার সকালে নিজ কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে ব্যক্তিগত বিষয় ও আর্থিক লেনদেনের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে মামলার তদন্ত চলমান।

সম্পর্কিত