পারস্য উপসাগরে সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পারস্য উপসাগরে সামরিক মহড়ার কোনো পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা
ছবি: রয়টার্স

পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) কোনো সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

স্থানীয় সময় গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি এ কথা জানান।

এর আগে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ১ ও ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালিতে সরাসরি গুলি চালিয়ে সামরিক মহড়া পরিচালনা করবে।

তবে এ বিষয়ে ইরানি কর্মকর্তা বলেন, ওই এলাকায় রেভল্যুশনারি গার্ড বাহিনীর কোনো সামরিক মহড়ার পরিকল্পনা ছিল না এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি। যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো ভুল তথ্য।

সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসলামিক প্রজাতন্ত্রের এমন দমনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীটি ওই অঞ্চলে পাঠিয়েছেন।

মঙ্গলবার আইওয়ায় দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আরও একটি বড় আর্মাডা ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আমি আশা করি তারা একটি চুক্তি করবে।

প্রসঙ্গত, গত বছরের জুনে ইসরায়েল-ইরানের ১২ দিনের যুদ্ধ হয়। এরপর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। ওই সংঘাতের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে আমেরিকার চাপ অব্যাহত রয়েছে।

সম্পর্কিত