Advertisement Banner

নেতানিয়াহু কি বেঁচে আছেন, নতুন ভিডিও ঘিরে বিতর্ক

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নেতানিয়াহু কি বেঁচে আছেন, নতুন ভিডিও ঘিরে বিতর্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: ফেসবুক

গত কয়েকদিন ধরে বাংলাদেশে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দাবানলের মতো ছড়িয়েছে–‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারা গেছেন’। বিশেষ করে গতকাল সোমবার রাত থেকে অনেক ব্যবহারকারী তার মৃত্যুর খবর পোস্ট করছেন। আসলেই কি তিনি মারা গেছেন? নাকি তার মৃত্যুর খবর গুজব?

বার্তা সংস্থা রয়টার্সের মতো আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বলছে, এই খবর সত্য নয়। অবশ্য সংবাদমাধ্যমগুলো যে প্রমাণ হাজির করে এ বার্তা দিচ্ছে, সেটাও ‘আসল নয়’ বলে দাবি করছেন কেউ কেউ।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার নেতানিয়াহুর একটি সংবাদ সম্মেলনের পর। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর নেতানিয়াহু ভিডিও লিংকের মাধ্যমে সংবাদ সম্মেলন করেন। ওই ভিডিওর কিছু ঝাপসা স্ক্রিনশট শেয়ার করে বলা হয়, নেতানিয়াহুর হাতে ছয়টি (কিছু ক্ষেত্রে সাতটি) আঙুল দেখা যাচ্ছে। এটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা একটি ভিডিও। দাবি করা হয়, আসল নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন।

এই মৃত্যু সংবাদ ও ‘ছয় আঙুল’ তত্ত্ব নাকচ করতে গত রোববার (১৫ মার্চ) নেতানিয়াহুর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। জেরুজালেমের উপকণ্ঠে ‘সাতাফ’ নামক একটি ক্যাফেতে কফি হাতে তাকে দেখা যায়। ভিডিওতে তার সহকারী তাকে মৃত্যুর গুজব নিয়ে প্রশ্ন করলে নেতানিয়াহু হিব্রু ভাষার একটি শব্দ নিয়ে রসিকতা করেন। তিনি বলেন, “আমি কফির জন্য মরে গেছি, আর আমি আমার দেশের মানুষের জন্যও পাগল।”

ভিডিওতে তিনি সচেতনভাবে নিজের হাত ক্যামেরার সামনে তুলে ধরেন, যাতে দর্শক তার আঙুল গুনে নিতে পারে। রয়টার্স ও অন্যান্য ফ্যাক্ট-চেকিং সংস্থা ক্যাফেটির ইন্টেরিয়র এবং তারিখ যাচাই করে ভিডিওটি ওই রোববারের বলেই নিশ্চিত করেছে। তবে সেই ব্যক্তি নেতানিয়াহু কিনা–সেটি নিশ্চিত করতে পারেনি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, বিশেষ করে আইআরজিসি সংশ্লিষ্ট ‘তাসনিম নিউজ এজেন্সি’ গত ১০ মার্চ থেকে নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছিল।

এর জবাবে নেতানিয়াহুর কফি খাওয়ার ভিডিও প্রকাশের পর নতুন করে বিতর্ক শুরু হয়, যাকে এখন নেটিজেনরা ‘কফিগেট’ বলছেন। কেন বলা হচ্ছে এমন? কারণ, অনেকেই প্রশ্ন তুলেছেন–কফির কাপটি একদম কানায় কানায় পূর্ণ থাকলেও হাঁটাচলার সময় এক ফোঁটাও উপচে পড়েনি কেন? ভিডিওর লাইটিং এবং তার পকেটে হাত দেওয়ার ভঙ্গি কি এআই দিয়ে বানানো?

সংবাদমাধ্যম হারেৎজ বলছে, কিছু ব্যবহারকারী দাবি করছেন–ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে নেতানিয়াহু নন, বরং তার মাস্ক পরা কোনো ডামি।

বর্তমানে যুদ্ধের কারণে ইসরায়েলে জরুরি নিরাপত্তা বিধিনিষেধ চলছে। জনসমাবেশ নিষিদ্ধ এবং স্কুলগুলো বন্ধ। নেতানিয়াহু খুব কমই জনসম্মুখে আসছেন। অধিকাংশ সময় তার অফিস থেকে ভিডিও রিলিজ করা হচ্ছে, যা এই রহস্যকে আরও উসকে দিয়েছে। তবে ইসরায়েল সরকার বা দেশটির কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম এখন পর্যন্ত তার মৃত্যু বা গুরুতর অসুস্থতার কোনো খবর দেয়নি।

তবে নেতানিয়াহুকে সর্বশেষ সশরীরে জনম্মুখে দেখা গেছে গত ১০ মার্চ। পরে ১২ ও ১৩ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন, যা ইসরায়েলের সংবাদমাধ্যমে একযোগে প্রচার করা হয়। এর পর থেকে তিনি সেভাবে কোথাও উপস্থিত নন। এ নিয়ে গুঞ্জন প্রবল হলে ১৫ মার্চের ওই ভিডিওটি প্রচার করা হয়, যা নিয়েও চলছে বিতর্ক।

সম্পর্কিত