ads

ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা ভেস্তে দিতে চেয়েছিল ইসরায়েল: ভ্যান্স

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা ভেস্তে দিতে চেয়েছিল ইসরায়েল: ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে ট্রাম্প প্রশাসনের সমঝোতার প্রচেষ্টা ভেস্তে দিতে ইসরায়েল সরকারের কিছু সদস্য যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে যুদ্ধ বন্ধে তার কূটনৈতিক উদ্যোগের কারণে তাকে ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণের মুখেও পড়তে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার প্রচারিত মার্কিন পডকাস্টার জো রোগানের সঙ্গে এক সাক্ষাৎকারে ভ্যান্স যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিষয়ে এসব মন্তব্য করেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমার কোনো সন্দেহ নেই, ইসরায়েল সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন, যারা আমাদের নীতিকে পরিবর্তন করতে চেয়েছেন। কারণ তারা সামরিক অভিযান চালিয়ে যেতে আগ্রহী ছিলেন।”

টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করে ভ্যান্স বলেন, ট্রাম্পের সাবেক এক প্রচার ব্যবস্থাপককে ইসরায়েলের পক্ষে নিয়োগ দেওয়া হয়েছিল, যাতে ডিজিটাল প্রচারণার মাধ্যমে ইসরায়েল ও ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করা যায়।

জেডি ভ্যান্সের দাবি, ইরানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়ায় তাকেও প্রচারণার লক্ষ্যবস্তু করা হয়েছিল। ট্রাম্পের নির্ধারিত আলোচনার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করায় তার বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভ্যান্স বলেন, মিত্র ও প্রতিপক্ষ উভয় দেশই যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। ইসরায়েল এমন চেষ্টা করায় তার আপত্তি নেই। তবে এসব প্রভাব বিস্তারের প্রচারণা যখন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে শুরু করে, তখন সেটিই উদ্বেগের বিষয়।

ইসরায়েলের প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ইরান যুদ্ধে জড়াত কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি।”

তার ভাষ্য, ট্রাম্পও দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং তিনি নিজেও এ অবস্থানের সঙ্গে একমত।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী শান্তি চুক্তির পক্ষেও অবস্থান নেন ভ্যান্স। যদিও ইসরায়েলে এই চুক্তির ব্যাপক বিরোধিতা হয়েছে।

এদিকে, ভ্যান্সের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সাবেক কূটনীতিক অ্যালন পিংকাস। তার মতে, ভ্যান্সের বক্তব্য ইঙ্গিত দেয় যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একই অবস্থানে নেই।

সম্পর্কিত