রাজধানীর রাস্তায় অচেতন দুই বৃদ্ধের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীর রাস্তায় অচেতন দুই বৃদ্ধের মৃত্যু
ঢাকা। ছবি: চরচা

রাজধানীর শ্যামপুর ও কামরাঙ্গীরচর এলাকায় পৃথক ঘটনায় অজ্ঞাত পরিচয়ের দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শ্যামপুর থানাধীন সালাউদ্দিন পাম্পের পূর্ব পাশে ফ্লাইওভারের সিঁড়ির নিচে সন্ধ্যা সাতটার দিকে প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম বলেন, “নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

মোহাম্মদ শামীম আরও জানান, পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় রাস্তা থেকে প্রায় ৭০ বছর বয়সী আরেক অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকেও ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম বলেন, “নিহতের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবুও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”

পুলিশ জানায়, দুই ঘটনার ক্ষেত্রেই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত