যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন ক্যাভা রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
মেয়র আরও বলেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য আহতদের ও তাদের পরিবারের পাশে থাকা এবং চলমান উদ্ধার কার্যক্রমে মনোযোগ দেওয়া।
মিয়ামির ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ বলেন, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) মায়ামি বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে। এছাড়া বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
কার্গো বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে। অবতরণের সময় বিমানটি মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে।
কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণ জানার জন্য এখনই সময় হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। যুক্তরাষ্ট্রে সব বিমান দুর্ঘটনার তদন্ত করে সংস্থাটি। সোমবার সংস্থাটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
অ্যামাজন জানায়, কী ঘটেছে তা জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে।
অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি ন্যান্টেল বলেন, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন জেনে আমরা গভীরভাবে শোকাহত।