পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনা এখনও ৮০ জনের বেশি নিখোঁজ বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।
কোস্টগার্ড জানায়, রাতে ফেরি থেকে ৪৩ জনকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফেরিটির কিছু অংশ আগুনে পুড়ে যাচ্ছে। এ সময় উদ্ধারকারীদের মরদেহ ব্যাগে করে সরিয়ে নিতে দেখা যায়।
কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব ডিএক্সজেডএল রেডিওকে বলেন, তালিকা অনুযায়ী জাহাজটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন নাবিক ছিলেন।
উদ্ধার হওয়া এবং নিহতের সংখ্যা বিবেচনায় ৮০ জনের বেশি মানুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে উদ্ধার অভিযান চলতে থাকায় এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানান কায়াবিয়াব।
কায়াবিয়াব বলেন, ফেরিটি ম্যানিলার বেসেকো থেকে ছেড়ে কোরনের উদ্দেশে যাচ্ছিল। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।