ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নিহত, সৌদিতে ফের হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ওমানে ড্রোন হামলায় ২ বিদেশি নিহত, সৌদিতে ফের হামলা
ইরানের শহীদ ড্রোন। ছবি: রয়টার্স

ইরান বনাম ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান আঞ্চলিক যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলোতে। আজ শুক্রবার সকালে ওমানের সোহার প্রদেশে ড্রোন হামলায় দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, সোহার প্রদেশের আল-আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন আঘাত হানলে দুই বিদেশি নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন। অন্য একটি ড্রোন খোলা জায়গায় পড়লে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

এর আগে গত বুধবার সালালাহ বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আগুন লেগেছিল। যদিও তেহরান এই হামলার দায় অস্বীকার করেছে, তবে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা ‘ভ্যানগার্ড টেক’ জানিয়েছে, হামলার পর বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে ওমানের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার (যেখানে বিদেশি দূতাবাসগুলো অবস্থিত) লক্ষ্য করে আসা একটি ‘ড্রোন’ তারা ভূপাতিত করেছে।

রিয়াদ, আল-খারজ এবং দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় ধাপে ধাপে আসা ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে। পরবর্তীতে আরও ৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়। সব মিলিয়ে সৌদি আরবের ওপর শুক্রবার বড় ধরনের ড্রোন হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শুক্রবার সকালে সক্রিয় ছিল। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, একটি ড্রোন ইন্টারসেপ্ট করার পর তার ধ্বংসাবশেষ শহরের প্রাণকেন্দ্রে একটি ভবনের সম্মুখভাগে পড়ে। এতে ভবনের ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় প্রায় ১,৩০০ মানুষ নিহত হয়েছে।

প্রতিশোধ হিসেবে তেহরান বর্তমানে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাশাপাশি লেবাননেও ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে, যেখানে নিহতের সংখ্যা প্রায় ৭০০ ছাড়িয়েছে।

সম্পর্কিত