সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।
আসামিরা হলেন- কাশেম আলী (৩৮) ও দদি আল ফায়েত জিত (১৯)।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।
এ নিয়ে এই মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগের সূত্র।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান।
আবেদনে বলা হয়, অজ্ঞাত আসামিরা বাদীর স্বামীকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের শনাক্তকরণে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।