Advertisement Banner

মিডল্যান্ড ব্যাংকের অ্যাপেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মিডল্যান্ড ব্যাংকের অ্যাপেই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ
ছবি: সংগৃহীত

গ্রাহকদের দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত উপায়ে ঋণ সুবিধা দেওয়ার জন্য ডিজিটাল ঋণ সুবিধা ‘এমডিবি ই-লোন’ চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনার আলোকে বাণিজ্যিকভাবে এই ই-লোন সেবাটি চালু করা হয়েছে।

আজ সোমবার ঢাকার গুলশান-২ এ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন সেবার উদ্বোধন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকরা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এই সুবিধার আওতায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। এই ঋণের টাকা পরিশোধের জন্য গ্রাহকরা সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত সময় পাবেন। ব্যাংকের নিজস্ব মোবাইল অ্যাপ ‘মিডল্যান্ড অনলাইন এপ’ ব্যবহার করে সরাসরি ঋণ সুবিধা পাবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদ বলেন, “এমডিবি ই-লোন চালুর মাধ্যমে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রাহকসেবার সুবিধা বৃদ্ধির প্রতি আমাদের ব্যাংকের অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।”

ইমতিয়াজ ইউ. আহমেদ আরও জানান, গ্রাহকদের সময়ের সাথে পরিবর্তিত চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক ভবিষ্যতেও এমন প্রযুক্তিনির্ভর আধুনিক আর্থিক সেবা ও সমাধান নিয়ে কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. নজমুল হুদা সরকার এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভিন্ন বিভাগের প্রধানরা।

সম্পর্কিত