ads

থাইল্যান্ডের হাসপাতালের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
থাইল্যান্ডের হাসপাতালের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি
ছবি: সংগৃহীত

ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিয়াথাই ২ হাসপাতালের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার গুলশান ১-এ অবস্থিত এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয় 'উদয় সানজ টাওয়ার'-এ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মি. সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের আওতায় এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য পরিবারের সদস্যরা ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে বিশেষ কিছু সুবিধা পাবেন। এর মধ্যে হাসপাতালে ওষুধ এবং কক্ষ ভাড়ার ওপর ১০ শতাংশ বিশেষ মূল্যছাড়, রোগীর বাসস্থান, বিমানবন্দর, হোটেল এবং হাসপাতালের মধ্যে বিনামূল্যে যাতায়াত সুবিধা, হাসপাতালের ‘ইন্টারন্যাশনাল পেশেন্ট সেন্টার’ থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ, চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য খরচ এবং হাসপাতালে থাকার মেয়াদের আগাম ধারণা।

চুক্তির ফলে চিকিৎসার প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিৎসা সমন্বয়, চিকিৎসাকালীন সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলো-আপ পর্যন্ত সমন্বিত সেবা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসি-এর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান উপস্থিত ছিলেন।

অন্য দিকে, ফিয়াথাই ২ হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক সুওয়াদী নিমা এবং আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা মিস রাভিসারা সাংসুওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত