রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে রিয়া (২০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারের সদস্যদের দাবি, সন্তান না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিয়া।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রিয়া ভবন থেকে লাফ দেন। পরে গুরুতর অবস্থায় দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়ার বাড়ি পাবনা সদরের ভাদুরডাঙ্গি গ্রামে। তার বাবার নাম লতিফ মল্লিক।
লতিফ মল্লিক জানান, তার মেয়ে পাঁচদিন ধরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। শুক্রবার ভোররাতে পাশের রোগীর স্বজনরা তাকে জানায়, রিয়া ভবন থেকে লাফ দিতে যাচ্ছে। পরে তিনি (লতিফ মল্লিক) ছুটে গিয়ে দেখেন, রিয়া নিচে পড়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে (রিয়া) থামানোর চেষ্টা করলেও সে কারও কথা শোনেনি বলেও জানান লতিফ মল্লিক। তিনি জানান, রিয়া নিচে একটি প্রাইভেট কারের ওপর পড়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লতিফ মল্লিক দাবি করেন, ‘‘এসএসসি পাসের পর মেয়েকে সিঙ্গাপুর-প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ে দেই। বিয়ের পর মেয়ের স্বামী দেশে এসে আবার বিদেশে ফিরে যায়। দীর্ঘদিন সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে অসুস্থ ছিল। সম্প্রতি তার মানসিক সমস্যাও আরও বেড়ে যায়। প্রায়ই অসংলগ্ন কথা বলত। এছাড়া জিহ্বায় ঘা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে রিয়ার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এই বিষয়ে জানানো হয়েছে।