ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার সময়সীমা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার তেলের দাম ব্যাপক বাড়লেও আজ শুক্রবার দামের এই নিম্নমুখী প্রবণতা আগের দিনের বড় উল্লম্ফনকে পুরোপুরি হ্রাস করতে পারেনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধ ধারণার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে—এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই আজ আন্তর্জাতিক বাজারে তেলের এই দরপতন লক্ষ্য করা গেছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত আড়াইটায় দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.০৭ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ডব্লিউটিআই (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট) তেলের দাম ১.৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ১০৬.১২ ডলারে দাঁড়িয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।