জাহানারার অভিযোগে শাস্তি হলো মঞ্জুরুলের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
জাহানারার অভিযোগে শাস্তি হলো মঞ্জুরুলের
মঞ্জুরুল ইসলাম ও জাহানারা আলম। ছবি: সংগৃহীত

মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতেই সম্পৃক্ত করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বাঁ হাতি পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচককে জাহানারা আলম–ইস্যুতে এই শাস্তি দেওয়া হয়েছে। আজ এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানাচ্ছে, এই সিদ্ধান্ত পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

অস্ট্রেলিয়াপ্রবাসী নারী দলের ক্রিকেটার জাহানারা আলম কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তখন বিসিবি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছিল। কমিটির কাছে জাহানারা আবার লিখিত অভিযোগও করেছিলেন।

তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে প্রাথমিক প্রমাণ পেয়েছে। এটা বিসিবি জানিয়েছিল ৪ ফেব্রুয়ারিই। কমিটি জাহানারার করা চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে। দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পেলেও বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে। মঞ্জুরুলের কিছু আচরণ চরম অপেশাদারি, এছাড়াও কিছু আচরণ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক যৌন হয়রানির মধ্যে পড়ে।

কমিটির সুপারিশের ভিত্তিতেই মঞ্জুরুলের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে। এ মুহূর্তে মঞ্জুরুল চাকরি করছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি)। তিনি অবশ্য ৩০ জুন বিসিবির দায়িত্ব ছেড়েছেন।

সম্পর্কিত