খামেনি হত্যায় ‘খেপেছেন’ পুতিন, কী বলছেন কিম জং উন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
খামেনি হত্যায় ‘খেপেছেন’ পুতিন, কী বলছেন কিম জং উন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস ও নিষ্ঠুর’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, একইসঙ্গে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পুতিন এই হত্যাকাণ্ডকে একটি ‘সিনিক্যাল মার্ডার’ বা ‘অত্যন্ত ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।

রুশ প্রেসিডেন্টের মতে, এই ঘটনাটি কেবল অমানবিকই নয়, বরং এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতার সমস্ত মানদণ্ডকে অবমাননা করেছে। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।

এদিকে, ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র বলেন, “এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আমাদের প্রত্যাশার মধ্যেই ছিল।যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ আচরণের কারণে এটি একটি অনিবার্য পরিণতি।”

উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসনমূলক যুদ্ধ’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বৈশ্বিক শান্তি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

সম্পর্কিত