প্রয়োজন হলে রাজপথেও লড়াই করব: জামায়াত আমির

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রয়োজন হলে রাজপথেও লড়াই করব: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি: ফেসবুক

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আগেই বলেছি–বিরোধিতার জন্য বিরোধিতা করব না। সহযোগিতা করলে তা হবে দেশ ও জনগণের কল্যাণে, আর বিরোধিতা করলে সেটিও হবে দেশ ও জনগণের অধিকারের পক্ষে। প্রয়োজনে সংসদের ভেতরে আমরা লড়াই করব, প্রয়োজন হলে রাজপথেও করব। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।”

আজ বুধবার ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলের সংসদীয় দলের এক সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় ১১ দলের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিরোধীদলীয় নেতা সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন।

ব্রিফিংকালে জামায়াত আমির বলেন, “আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আজ বিরোধীদলের সকল সংসদ সদস্য নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। জাতির প্রত্যাশা পূরণে বিরোধীদল হিসেবে এবং নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতির জন্য আমাদের ভূমিকা কী হবে–সেই বিষয়েই মূলত আমরা পরামর্শ করেছি।”

তিনি বলেন, “আমরা খোলামেলা আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করুক। ইতোমধ্যেই আমরা ঘোষণা করেছি–বিরোধীদল হিসেবে আমরা একটি দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করতে চাই।”

দেশ ও জাতির কল্যাণে সরকার যে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করবে, সে সব ক্ষেত্রে আমাদের সমর্থন ও সহযোগিতা থাকবে উল্লেখ করে এই নেতা বলেন, “তবে দেশ ও জাতির ক্ষতি হয়–এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়া হলে আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী ভূমিকা পালন করব।”

তিনি আরও বলেন, “প্রথমে আমরা ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব এবং পরামর্শ দেব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, তাহলে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদেও যদি কাজ না হয়, তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব। আমরা চাই প্রথম ধাপেই সমস্যার সমাধান হোক। এটি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। যেহেতু তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ, তাই সংখ্যাগরিষ্ঠতার জোরে অনেক কিছু করা সম্ভব। কিন্তু আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটিই জাতির জন্য উত্তম হবে।”

সম্পর্কিত