লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
লিটারে ২ টাকা কমেছে জ্বালানি তেলের দাম
ছবি: পিক্সাবে থেকে নেওয়া

সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই দাম পুনর্নির্ধারণ করা হয়।

গতকাল শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে ভোক্তাপর্যায়ে প্রতিটি ক্ষেত্রেই লিটারপ্রতি ২ টাকা করে দাম কমানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার অকটেনের দাম ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোল প্রতি লিটার ১১৮ টাকা থেকে কমে হয়েছে ১১৬ টাকা। এছাড়া সাধারণ মানুষের বহুল ব্যবহৃত ডিজেল প্রতি লিটার ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য আন্তর্জাতিক বাজারের সাম্প্রতিক মূল্য বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আজ রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

সম্পর্কিত