চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) ফলাফল পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন। আজ বৃহস্পতিবার দুপুরে এই ফলাফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “এবারে ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ফলাফল পুনঃমূল্যায়নের আবেদন করে। জিপিএ পরিবর্তন হয়েছে এক হাজার ১৮৫ জনের, নম্বর পরিবর্তন হয়েছে দুই হাজার ৯৭৫ জনের, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন এবং ফেল থেকে পাস করেছে ১৯০ জন।”
তিনি বলেন, “প্রাপ্ত নম্বর পাল্টালেও জিপিএ পরিবর্তন হয়নি এক হাজার ৭৯০ জনের। নম্বর পরিবর্তন হলেও ফেল রয়ে গেছে ১৫০ জনের।”
চলতি বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩০ হাজার ২১৯ জন। তাদের মধ্যে পাস করেছিল ৭৭ হাজার ৪৫৩ জন। আর জিপিএ-৫ পেয়েছিল নয় হাজার ৩৯৮ জন।
পুনঃমূল্যায়নের পর পাস করা শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৭ হাজার ৬৪৩ জন। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হল নয় হাজার ৪৮৮ জন।