প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিন দশক পর নতুন একজন রাজনীতিককে প্রধানমন্ত্রী হিসেবে পেল বাংলাদেশ। আর দুই দশক পরে ক্ষমতায় ফিরল বিএনপি।

আজ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী পদের শপথ নেন তারেক রহমান। পরে তিনি গোপনীয়তার শপথ নেন।

এদিন সকালে সংসদের শপথ কক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির থেকে নির্বাচিতরা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি তারা।

পরে সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। নিয়ম অনুযায়ী, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজনকে সরকার গঠনের আহ্বান জানান রাষ্ট্রপতি। সংসদীয় দলের বৈঠকের পরেই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। জোটের হিসেবে তারা পেয়েছে ২১২টি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট ৭৭টি আসন পেয়েছে। যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি।

সম্পর্কিত