যুদ্ধাপরাধীদের নামে শোক-জাতীয় সংগীতে না দাঁড়ানো, উদীচীর নিন্দা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
যুদ্ধাপরাধীদের নামে শোক-জাতীয় সংগীতে না দাঁড়ানো, উদীচীর নিন্দা
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে সম্মান না দেখানোর অভিযোগে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা জাতীয় সংসদের অন্যতম দায়িত্ব। অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও রাজাকারদের নাম সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করার শামিল।

তারা বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান। সেখানে এ ধরনের পদক্ষেপ শুধু শহীদদের আত্মত্যাগকে অবমাননা করে না, বরং নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দেশের স্বাধীনতার চেতনাকে প্রশ্নবিদ্ধ করে।

উদীচীর নেতারা আরও বলেন, জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়াতে অস্বীকৃতি জানানো জাতীয় প্রতীকের প্রতি অবমাননাকর আচরণ। জাতীয় সংগীত শুধু একটি গান নয়, এটি মুক্তিযুদ্ধ, আত্মত্যাগ ও জাতিসত্তার প্রতীক। তাই এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সাংবিধানিকভাবেও বাধ্যতামূলক।

বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্নে কোনো আপস চলতে পারে না। যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করার প্রচেষ্টা এবং জাতীয় প্রতীকের অবমাননার বিরুদ্ধে দেশের সব সাংস্কৃতিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে উদীচী।

সম্পর্কিত