বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি: বাসস

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার বাছাই পর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারানোর মধ্য দিয়ে বিশ্বকাপের দরজা খুলে যায় বাংলাদেশের।

একই গ্রুপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের ডিএল পদ্ধতিতে ২১ রানের জয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করে।

৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান পয়েন্টে নেদারল্যান্ডস রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে পৌঁছেছে।

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই বিপদে পড়ে। ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার দিলারা আক্তার। এরপর তিনে নেমে মাত্র ১১ রান করে ফেরেন শারমিন আক্তার। ১২ রানে দুই উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দলকে টেনে তোলেন দুই তরুণ ব্যাটার–জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।

তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮২ বলে ১১০ রানের জুটি। ৪৫ বলে ৫৬ রান করে আউট হন জুয়াইরিয়া–যেখানে ছিল ৩ চার ও ৪ ছক্কা। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে স্বর্ণা আক্তারের সঙ্গে নিজের নাম লেখান তিনি। অপরদিকে সোবহানা ৪২ বলে করেন ৫৯ রান।

শেষদিকে রিতু মনির ঝড়ো ৬ বলে ১৫ রানে বাংলাদেশ থামে ১৬৫ রানে।

জবাবে থাইল্যান্ড শুরুতেই ধাক্কা খায় মারুফা আক্তারের বলে সুয়ানান খাইওতোকে হারিয়ে। এরপর নানাপাত ও নাত্থাকানের ৬৭ রানের জুটি শেষ পর্যন্ত বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ড থামে ১২৬ রানে।

বাংলাদেশের হয়ে মারুফা নেন ৩ উইকেট। স্বর্ণা ও রিতু মনির ঝুলিতে ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন সোবহানা মোস্তারি।

বাংলাদেশের পরের ম্যাচ ৩০ জানুয়ারি, স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচ।

সম্পর্কিত