স্পিকার-ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
স্পিকার-ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান
জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এ দায়িত্ব পান তিনি। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।

নূরুল ইসলাম বলেন, “স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।”

চিফ হুইপ জানান, আগামীকাল স্পিকারের চেয়ার খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। শুরুতে একজন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা এই সভায় সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। কোনো একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। তারপর ওই সদস্য সভাপতিত্ব করবেন।

চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য আগামীকালের বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

সংবাদ সম্মেলনে সরকারি দলের ছয় হুইপ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত