খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৯০ জন ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৮৪ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গু রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২০ জনেই অপরিবর্তিত রয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩৭১ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৩৮ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি । এই জেলায় এখন পর্যন্ত ২ হাজার ২১৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৪৭৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আকার ধারণ করেছে বলে জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা। খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে তিলধারণের ঠাঁই নেই বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার কেডিএর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।