গুঞ্জন ছিল গ্রুপ পর্বে না খেলার। ব্রাজিল দলের চিকিৎসকরাও আভাস দিচ্ছিলেন নেইমারকে নকআউট পর্ব থেকে খেলানোর। তবে হাইতির বিপক্ষে ম্যাচের পর কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, তারকা এই ফরোয়ার্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ফিরছেন।
গত মে মাসে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে থেকেও এতদিন বাইরেই ছিলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যমে বলা হচ্ছিল, গ্রুপ পর্বে তাকে পাওয়া যাবে না জেনেই দলে নেওয়া হয়েছে। সেই ধারায় মরক্কোর পর মিস করেন হাইতি ম্যাচও। তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য সুখবরই দিয়েছেন আনচেলত্তি।
হাইতিকে ৩-০ গোলে হারিয়ে সংবাদ সম্মেলনে ইতালিয়ান এই কোচ বলেন, “নেইমার কাল থেকে পুরোদমে অনুশীলন করবে। আর সোমবার দলগতভাবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।”
হাইতির বিপক্ষে বড় জয় পেলেও নেইমারের ফেরার খবর ব্রাজিলের জন্য ভীষণ ইতিবাচক খবর। চোট-আঘাত থাকলেও ৩৪ বছর বয়সী এই ফুটবলারই যে দলটির সবচেয়ে বড় তারকা। সেলেওসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারও তিনি।
এছাড়া নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। হাইতি ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। ২-৩ সপ্তাহের জন্য তিনি ছিটকে যেতে পারেন। ফলে তার শূন্যতা পূরণে নেইমারই হতে পারেন আনচেলত্তির মূল হাতিয়ার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল।