Advertisement Banner

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানাধীন কার্গো গেট পুলিশ বক্সের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হৃদয় (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি লেখাপড়ার পাশাপাশি মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন।

আজ বৃহস্পতিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হৃদয়ের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মিরপুরের ৬০ ফিট দক্ষিণ পীরেরবাগ এলাকায় বসবাস করতেন।

হৃদয়কে হাসপাতালে নেওয়া পথচারী শওকত জানান, দুপুরে বিমানবন্দর কার্গো গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সম্পর্কিত