Advertisement Banner

‘ডাক্তার’ সেজে ঢামেকে, কমনরুম থেকে ভুয়া শিক্ষার্থী আটক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
‘ডাক্তার’ সেজে ঢামেকে, কমনরুম থেকে ভুয়া শিক্ষার্থী আটক
মনিকা আক্তার মিতু। ছবি: চরচা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্পাসে ‘ডাক্তার’ সেজে যাতায়াত করার সময় এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে শিক্ষার্থীরা। অ্যাপ্রোন ও স্টেথোস্কোপসহ তাকে ছাত্রীদের কমনরুম থেকে আটক করা হয়।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কলেজের ছাত্রী কমনরুমে এ ঘটনা ঘটে। পরে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

আটক নারীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তবে তার ব্যবহৃত কলেজ আইডি কার্ডে নাম লেখা ছিল ‘নুপুর ইসলাম জান্নাত’।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়। এসএসসি পাসের পর আর পড়াশোনা করেননি। চিকিৎসক হওয়ার ইচ্ছা থেকেই প্রায় এক মাস ধরে ঢামেক ক্যাম্পাসে যাতায়াত শুরু করেন। তবে কোনোদিনই ক্লাসে প্রবেশ করতে পারেননি।

তিনি আরও জানান, নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড তৈরি করে ‘নুপুর ইসলাম জান্নাত’ নাম ব্যবহার করতেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে সক্রিয় বলেও জানিয়েছেন।

ঢামেক সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তার সন্দেহজনক চলাফেরা কয়েকজন শিক্ষার্থীর নজরে আসে। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব দিতে না পারায় শিক্ষার্থীরা তাকে আটক করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে একটি অ্যাপ্রোন, একটি স্টেথোস্কোপ এবং ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত