ads

বিকল অটোরিকশায় আরেক অটোরিকশার ধাক্কা, নিহত ১

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বিকল অটোরিকশায় আরেক অটোরিকশার ধাক্কা, নিহত ১
ফাইল ছবি

রাজধানীর রামপুরা ব্রিজের ওপর সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় ইউসুফ আলী (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল নামে আরও একজন আহত হয়েছে।

আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয়।

মৃত ইউসুফ আলীর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাটাজোর গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। তিনি রাজধানীর কামরাঙ্গীরচর থানার রনি মার্কেট এলাকায় থাকতেন।

নিহতের ভাই মনজুরুল ইসলাম জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজের ওপর ইউসুফ আলীর সিএনজিচালিত অটোরিকশাটি বিকল হয়ে যায়। পরে তিনি অটোরিকশার মিস্ত্রি কামালকে দিয়ে সেটি মেরামতের কাজ করাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ইউসুফ আলী ও কামাল গুরুতর আহত হন।

পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ইউসুফ আলীকে ভর্তি রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইউসুফ আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রামপুরা থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত