ক্রিকবাজের প্রতিবেদন

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদই দিয়ে দিল আইসিসি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদই দিয়ে দিল আইসিসি
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি: রয়টার্স

অবশেষে আশঙ্কাই সত্যি হলো। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল বাংলাদেশ। দীর্ঘ নাটকীয়তা ও টানাপোড়েনের পর বাংলাদেশ ক্রিকেট দলের জায়গায় স্কটল্যান্ডকে মূল আসরে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। ক্রিকবাজ বলছে, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে চলা স্নায়ুযুদ্ধের অবসান ঘটল আজ শনিবার।

কয়েকদিন আগে আইসিসি বিসিবিকে ২৪ ঘণ্টার একটি সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আজ আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

জানা গেছে, আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এ ছাড়া বিসিবি আইসিসি বোর্ডের পূর্ববর্তী সিদ্ধান্তগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছে।

এমতাবস্থায় বিশ্বকাপের মতো বড় আসরের ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির কাছে আর কোনো বিকল্প ছিল না বলেও চিঠিতে তিনি উল্লেখ করেন।

সঞ্জোগ গুপ্তার পাঠানো এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে, যিনি পদাধিকারবলে আইসিসি বোর্ডের একজন সদস্য। তবে এ ব্যাপারে বিসিবি থেকে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, স্কটল্যান্ডকে ইতিমধ্যে আসরে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। ক্রিকবাজের পক্ষ থেকে স্কটল্যান্ড ক্রিকেটের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আজ সকাল থেকেই আইসিসি ও স্কটল্যান্ডের কর্তৃপক্ষের মধ্যে হটলাইনে যোগাযোগ হয়েছে।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সরাসরি কোয়ালিফাই করতে না পারলেও আইসিসি র‍্যাঙ্কিং (১৪ নম্বর) এবং গত কয়েকটি বৈশ্বিক আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে স্কটল্যান্ডকে এই সুযোগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড এখন গ্রুপ 'সি'-তে খেলবে। প্রাথমিক পর্বে কলকাতায় তাদের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত