আত্মসমর্পণ করেছেন যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আত্মসমর্পণ করেছেন যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রথম মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের আবেদন করেছেন। ২০১০ সালে বিচার শুরুর পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বছরের অক্টোবরে আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার।

মঙ্গলবার আবুল কামাল আজাদ আত্মসমর্পণের আবেদন করেন। পরে আজ বুধবার সকালে তিনি সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন। কিন্তু ট্রাইবুনাল-২ এর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আত্মসমর্পণের আবেদনের শুনানি হয়নি। পরে তিনি ট্রাইবুনাল থেকে চলে যান।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ফরিদপুর অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার শুরু হয় ২০১১ সালে। এরপরই তিনি ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ২০১৩ সালে ২১ জানুয়ারি যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলার অভিযোগে বাচ্চু রাজাকার নামে পরিচিত এই আবুল কালামের আজাদের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিলও করেছে রাষ্ট্রপক্ষ। আবুল কালাম আজাদ আত্মসমর্পণের পর ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সম্পর্কিত