Advertisement Banner

ইরানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই নেই

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই নেই
আমেরিকা-ইরানের পতাকা। এআই দিয়ে তৈরি

যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই উপসাগরীয় এলাকায় সংঘাতে জড়ায় আমেরিকা ও ইরান। এই সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ প্রায় শেষের দিকে। পাকিস্তানও দাবি করছে, যুদ্ধ বন্ধের চুক্তির দ্বারপ্রান্তে দুই দেশ।

কিন্তু বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। এমনকি যুদ্ধ যে বন্ধের খুব কাছা্কাছি, এমন কোনো আভাসও মিলছে না।

মার্কিন গোয়েন্দা বিশ্লেষণের বরাতে রয়টার্স বলছে, কয়েক মাসের জন্য নৌপথ পুরোপুরি বন্ধ করে দিতে পারে তেহরান। এর আগে সম্প্রতি যুদ্ধবিরতি ভঙ্গ করেছে দুই পক্ষই। এমনকি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নতুন করে হামলাও হয়েছে।

যুদ্ধ বন্ধের জন্য ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। সেই প্রস্তাবের কোনো জবাব এখনো পাওয়া যায়নি। এই প্রস্তাবে পরমাণু কার্যক্রম নিয়েই মূলত আলাপ আছে। গতকাল শুক্রবার এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রয়টার্সকে বলেন, তারা জবাবের অপেক্ষায় রয়েছে।

এদিকে, বৈরুতে সাম্প্রতিক হামলা ও দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ শুক্রবার এ কথা জানিয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হয়েছে।

গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

বুধবার রাজধানীর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আঘাত ছিল এক মাসের মধ্যে প্রথম হামলা। ওই হামলায় এক সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

সম্পর্কিত